আগামী বৃহস্পতিবার অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন সকালে তিনি বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিশিষ্ট গুণীজনদের হাতে ‘একুশে পদক’ তুলে দেবেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে একুশে পদক প্রদান অনুষ্ঠান এবং বিকেলে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।
সংস্কৃতিমন্ত্রী আরও জানান, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মেলা প্রাঙ্গণে দর্শকদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আয়োজক কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।